স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে রাজমিস্ত্রির আত্মহত্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে জসিম সরদার নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের পাশে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাইল বাজারের পাশে মাসুদ আলমের ভাড়া বাসায় স্ত্রী চুমকী সুলতানাকে নিয়ে বসবাস করতেন জসিম সরদার। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার স্ত্রী চুমকী সুলতানা সহস্রাইল বাজারে অবস্থিত তার বাবার হোটেলে সহযোগী হিসেবে কাজ করেন।
নিহতের স্ত্রী চুমকী সুলতানা জানান, শুক্রবার ভোরে হোটেলে কাজে যাওয়ার সময় তার স্বামী ইয়াবা সেবনের জন্য তার কাছে ৩০০ টাকা চান। তবে তিনি টাকা না দিয়ে কাজে চলে যান। ওই সময় বাড়িতে জসিম ও তাদের চার বছর বয়সী পুত্র সন্তান ছিল।
চুমকী সুলতানা আরও বলেন, পরে তার ছেলে কান্না করতে করতে দোকানে এসে জানায়, ‘বাবা ঝুলে বাজি খেলছে।’ এরপর তিনি দ্রুত বাড়িতে গিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার স্বামী ঝুলে আছেন।
পরিবারের দাবি, জসিম সরদার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। শুক্রবার টাকা না পেয়ে রাগ ও ক্ষোভ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের ধারণা।
নিহতের স্বজনরাও জানান, জসিম দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। মাদকের টাকা না দেয়ায় স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাগ করে তিনি আত্মহত্যা করেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক মিন্টু লস্কর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের লাশ উদ্ধার করে। তিনি মাদক সেবনে আসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকের টাকা না পেয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: