• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বিয়ের ৩ মাসের মাথায় বাবার বাড়িতে এসে পুকুরে ডুবে নববধূর মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫৪ পিএম;
বিয়ের ৩ মাসের মাথায় বাবার বাড়িতে এসে পুকুরে ডুবে নববধূর মৃত্যু

বিয়ের ৩ মাসের মাথায় বাবার বাড়িতে এসে পুকুরে ডুবে নববধূর মৃত্যু
স্বামীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রামেকে ভর্তি

মো: নাফিউর রহমান (নওগাঁ জেলা) প্রতিনিধি:

 

নওগাঁর মহাদেবপুরে বিয়ের মাত্র তিন মাসের মাথায় বাবার বাড়িতে বেড়াতে এসে স্বামীর সঙ্গে পুকুরে গোসল করতে নেমে তাসলিমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রবিবার (৪ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে মহাদেবপুর উপজেলার চেরাগপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার ওই গ্রামের নূর নবীর মেয়ে। তিনি বগুড়ার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বগুড়া জেলার বাসিন্দা সামির হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তাসলিমা আক্তারের বিয়ে হয়। রোববার দুপুর ১টার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি চেরাগপুর পূর্বপাড়া গ্রামে বেড়াতে আসেন তাসলিমা।
পরে দুপুর আড়াইটার দিকে তাসলিমার ৮ বছর বয়সী ছোট ভাইকে পুকুরপাড়ে বসিয়ে রেখে স্বামী-স্ত্রী গোসল করতে পুকুরের পানিতে নামেন। কিছুক্ষণ পর তারা দুজনই পানিতে তলিয়ে যান।
এ সময় তাসলিমার ছোট ভাইয়ের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তাসলিমা আক্তারের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামী সামির হোসেনকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পুকুরে গোসল করতে নেমে তাসলিমা আক্তারের মৃত্যু এবং তার স্বামী সামির হোসেন অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে বিয়ের মাত্র তিন মাসের মাথায় তাসলিমার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন