তিন মাস পর ঢাকায় র্যাবের অভিযানে ধরা পড়ল কলেজ ছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি
নজরুল ইসলাম আলীম:
বরিশালের বাকেরগঞ্জে আলোচিত কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খানকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৮। প্রায় তিন মাস আত্মগোপনে থাকার পর শনিবার রাতে রাজধানীর ডেমরা এলাকার বড়ভাগা থেকে তাকে আটক করা হয়। রোববার তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী সজিব। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তের গ্রেফতারে মামলার বিচারপ্রক্রিয়া ও তদন্তে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোছনাবাদ গ্রামে সংঘটিত কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খানকে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার (১৩ জুন) রাতে রাজধানীর ডেমরা থানার বড়ভাগা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বাকেরগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন পলাতক থাকা মিলন খানের অবস্থান সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর রোববার (১৪ জুন) দুপুরে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।মামলার নথি অনুযায়ী, গত ২৮ মার্চ সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লোছনাবাদ গ্রামে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কলেজছাত্র সাইদুল ইসলাম সজিবসহ অন্তত পাঁচজন আহত হন। হামলার সময় সজিব মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে মিলন খানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার অকাল মৃত্যু এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করে। দীর্ঘদিন পলাতক থাকার পর প্রধান আসামির গ্রেফতারকে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- তিন* মাস,পর
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: