আমতলীতে বিএনপি নেতাদের উপস্থিতিতে 'জয় বাংলা' স্লোগান, ভিডিও ভাইরালে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক, আমতলী (বরগুনা):
বরগুনার আমতলীতে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাংশের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আমতলী উপজেলার চুনাখালী এলাকার ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ ও স্নাতক (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে মো. জালাল উদ্দিন ফকির বক্তব্য শেষ করার পর পরই দর্শক সারিতে থাকা শিক্ষার্থীদের একটি অংশ উচ্চশব্দে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে।
নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সামনে হঠাৎ করে এই স্লোগান ওঠায় মিলনায়তনে উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে মুহূর্তের জন্য বিস্ময় ও গুঞ্জন সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে প্রধান অতিথি মো. জালাল উদ্দিন ফকিরের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে ঘটনার বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা। তিনি বলেন, “আমরা মঞ্চের সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের কেউ এমন স্লোগান দিয়েছে কি না, তা আমরা শুনতে পাইনি। ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার কথা শুনেছি, তবে সেটি প্রকৃত ঘটনা নাকি এডিট করা—তা আমার জানা নেই।”
এ বিষয়ে জানতে চাইলে ইউনুস আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, “কলেজে নবীনবরণ অনুষ্ঠান যথানিয়মে সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠান চলাকালে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমার গোচরে আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়েও আমি অবহিত নই, কারণ আমি ফেসবুক ব্যবহার করি না।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: