জেলের জালে আড়াই কেজির বেশি ওজনের ইলিশ, বিক্রি সাড়ে ১০ হাজার টাকায়
নোয়াখালীর হাতিয়া উপজেলার বঙ্গোপসাগরে জেলের জালে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় আকারের ইলিশ ধরা পড়েছে। গতকাল সকালে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারের একটি আড়তে নিলামে মাছটি ১০ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের জেলে মো. রাজিব হোসেন ছয়জন সহকর্মী (মাঝিমাল্লা) নিয়ে একটি ছোট ট্রলারে করে কবিরার চর সংলগ্ন সাগরে মাছ ধরতে যান। জাল টানার পর অন্যান্য ছোট-বড় ইলিশের সঙ্গে বিশাল আকৃতির এই ইলিশটিও ধরা পড়ে।
পরে জেলেরা মাছটি বিক্রির জন্য ঘাটের এনায়েত মৎস্য আড়তে নিয়ে আসেন। এত বড় সাইজের ইলিশ দেখতে পেয়ে আড়তে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দারুণ কৌতূহল ও ভিড় তৈরি হয়।
আড়তের মালিক এনায়েত হোসেন জানান, সকালে জেলেরা মাছটি ঘাটে নিয়ে আসার পর উপস্থিত সবার নজর কাড়ে। পরে উন্মুক্ত নিলামে মাছটির সর্বোচ্চ দাম ওঠে ১০ হাজার ৪৫০ টাকা। শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী মো. আলতাফ হোসেন সর্বোচ্চ ডাকদাতা হিসেবে মাছটি কিনে নেন।
এ ধরনের বড় ইলিশ সচরাচর এই অঞ্চলে কমই ধরা পড়ে বলে জানান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: