আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ মাদক সম্রাট রবি ঘোষ গ্রেপ্তার
আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবা বিক্রির সময় রবীন্দ্রনাথ ঘোষ রবি (৭৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌরসভার নওয়াপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় রবি ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এর আগেও তিনি ১০ বার গ্রেপ্তার হয়েছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার দণ্ডপ্রাপ্ত রবি ঘোষকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রবি ঘোষ নওয়াপাড়া গ্রামের মৃত শ্রী চন্দ্র ঘোষের ছেলে।
আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
স্থানীয়রা জানান, নওয়াপাড়া ও লিবার্টি ফ্যাক্টরির আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘রবিকে গ্রেপ্তার করলেই মাদক ব্যবসা বন্ধ হবে না। তার মতো আরও অনেকে এ কাজে জড়িত। তাদেরও নজরদারির আওতায় আনা প্রয়োজন।’
তবে ইয়াবা বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন রবি ঘোষ। তিনি বলেন, ‘আমার কাছে কোনো ইয়াবা ছিল না। আমি এখন ইয়াবা বিক্রি করি না। আমাকে পুলিশ প্রায়ই ধরে নিয়ে যায়। আমি যখন জেলে থাকি, তখন যারা বিক্রি করে তাদের কেন ধরা হয় না?’
পুলিশ জানায়, মাদক সেবন ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রেতা, ক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, শুধু একজনকে গ্রেপ্তার বা সাজা দেওয়ার পাশাপাশি মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হলে এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: