• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আত্রাইয়ে পরিষদের  জায়গা দখল করে স্থাপনা নির্মাণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৩ পিএম;
আত্রাইয়ে পরিষদের  জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মোঃ নাসির উদ্দিন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাই উপজেলায় প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার কাশিয়াবাড়ী হাট সংলগ্ন ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা (খতিয়ান নং ৪, আরএস ৬৯, দাগ নং ৩৭৪৯) দখল করে এই নির্মাণকাজ চলছে বলে স্থানীয়দের অভিযোগ।

এলাকাবাসী জানান, বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্তরা দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের কাজ চলমান রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আজিজুল হাকিম নামের এক ব্যক্তি এসব স্থাপনা নির্মাণ করছেন।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আজিজুল হাকিম বলেন, “ওটা আমাদের নিজস্ব জায়গা। ভূমি অফিস থেকে ১০০ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। যদি ইউনিয়ন পরিষদ দাবি করে এটা তাদের জায়গা, তাহলে তারা কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে বসতে পারে।”

 

এ বিষয়ে ভোঁ-পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বিষয় টি না জানার ভান করে বক্তব্যে বলেন, কে ফোন দেয় যে বা, কে ফোন দেয় আর কে এগুলো করে আমি কিছুই জানি না বাবা, কে কাম করছে আমি এটাও জানিনা, তোমরা একটু যেয়ে দেখতো বাবা। 

 

তাকে ঘর নির্মাণ কারীর ব্যক্তির নাম ঠিকানা বললে তিনি বলেন, আমি নিষেধ করেছি তাঁরা আমার কথা শুনছে না আমি এ বিষয় নিয়ে থানা, এসিল্যান্ড সহ ইউএনও মহোদয় কে অভিযোগ দিয়েছি। 

 

চেয়ারম্যান বলেন, তারা কাকে ধরে কি করে বিএনপির কোন নেতার ধরে কি করিচ্ছে আমি বলতে পারব না।

 

তিনি আরো বলেন, আমি থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে মানাও করে দিয়েছি। নেতার ঘাই নাই, ভুঁইফোর সাংবাদিকের ঘাই নাই। এগুলো নিয়ে আর মাথা ঘামাতে পারব না বাবা। যথাযথ ব্যবস্থা আমি নিয়ে নিয়েছি। এখন আইনের ব্যাপার। 

 

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,  ওই জায়গায় স্থাপনা নির্মাণ বিষয়ে অভিযোগ ইউএনও মহোদয়ের কাছে দিতে পারেন। 

 

থানায় কোন অভিযোগ দিয়েছেন কিনা জানতে চাইলে উত্তরে তিনি বলেন, কেউ কোনো অভিযোগ দিয়েছে কিনা আমার এখন মনে পড়ছে না। 

 

সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, এটি ইউনিয়ন পরিষদের নিজের সম্পত্তি এই সমস্যার সমাধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ই করতে পারে। তবে আমাদের কাছে অভিযোগ দিলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউল ইসলাম বলেন, “সরকারি জায়গায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি এবং এসি ল্যান্ডকে সেখানে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

এদিকে, স্থানীয়দের প্রশ্ন—সরকারি জমি দখলের মতো গুরুতর ঘটনায় প্রশাসনের এমন দায়িত্ব এড়ানোর প্রবণতা কেন, এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কিনা—তা নিয়েই এখন জনমনে বাড়ছে উদ্বেগ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন