• ঢাকা
  • শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বেড়িবাঁধ ও সেতু নির্মাণের দাবিতে তেঁতুলিয়া নদীর তীরে ৫ কিমি দীর্ঘ মানববন্ধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১০ পিএম;
বেড়িবাঁধ ও সেতু নির্মাণের দাবিতে তেঁতুলিয়া নদীর তীরে ৫ কিমি দীর্ঘ মানববন্ধন

টেকসই বেড়িবাঁধ ও সেতু নির্মাণের দাবিতে তেঁতুলিয়া নদীর তীরে হাজারো মানুষের ৫ কিমি দীর্ঘ মানববন্ধন

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর বাউফলের ভাঙনকবলিত তেঁতুলিয়া নদীর ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ‘ভোলা (ভেলুমিয়া)-পটুয়াখালী (ধুলিয়া) সেতু’ নির্মাণের দাবিতে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ‘ভোলা (ভেলুমিয়া)-পটুয়াখালী (ধুলিয়া) সেতু বাস্তবায়ন কমিটি’র আয়োজনে তেঁতুলিয়া নদীর তীরবর্তী বাউফল উপজেলার মঠবাড়িয়া, ধুলিয়া লঞ্চঘাট এবং বাকেরগঞ্জের দুর্গাপাশা এলাকার প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মোফাজ্জেল হোসেন মফু।

লিখিত বক্তব্যে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “দেশের সড়কপথের সঙ্গে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করার সবচেয়ে সহজ রুট হলো তেঁতুলিয়া নদীর ভোলার ভেলুমিয়া থেকে পটুয়াখালীর ধুলিয়া পয়েন্টে সেতু নির্মাণ, যার দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার। এই সেতু নির্মিত হলে দক্ষিণ-পূর্ব অঞ্চলের যোগাযোগব্যবস্থা অত্যন্ত সহজ হবে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে, যা জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে।”

তিনি আরও উল্লেখ করেন, ভোলা থেকে পটুয়াখালীর ধুলিয়া হয়ে বাকেরগঞ্জ হয়ে মাত্র ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরিশাল শহরে পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে চট্টগ্রাম ও ভোলার সঙ্গে সমুদ্র সৈকত কুয়াকাটা, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ২৫টি উপজেলার সঙ্গে একটি সহজ ও আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। এছাড়া সংবাদ সম্মেলন ও মানববন্ধনে তেঁতুলিয়া নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নসহ ধুলিয়া, নাজিরপুর ও কাছিপাড়া ইউনিয়নকে নদীভাঙন থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণেরও জোরালো দাবি জানানো হয়।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি আ. রব খান, সাবেক জেলা পরিষদ সদস্য মো. বাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. নাইম সিকদার তারেক, ধুলিয়া ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, সৈয়দ মো. রিপন ও মো. তৌসিফুর রহমান রাফা প্রমুখ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন