• ঢাকা
  • শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পবিপ্রবিতে ভেটেরিনারি অনুষদের মেইন গেট উদ্বোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৭ পিএম;
পবিপ্রবিতে ভেটেরিনারি অনুষদের মেইন গেট উদ্বোধন

পবিপ্রবিতে ভেটেরিনারি অনুষদের মেইন গেট উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের সেমিস্টার সেমিনার অনুষ্ঠিত

লিটু ,পটুয়াখালী প্রতিনিধি :

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের দৃষ্টিনন্দন প্রধান ফটক (মেইন গেট) উদ্বোধন করা হয়েছে। একই সাথে লেভেল-১, সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে মেইন গেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গেট উদ্বোধন শেষে অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, “আজ এএনএসভিএম অনুষদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্ধারিত মান বজায় রেখে এই দৃষ্টিনন্দন মেইন গেটের নির্মাণ কাজ শেষ হয়েছে।” এই সুন্দর স্থাপত্যশৈলী বাস্তবায়নের পেছনে যাঁদের শ্রম, মেধা ও আন্তরিক প্রচেষ্টা রয়েছে, তাঁদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, “অবিলম্বে এই অনুষদের শিক্ষার্থীদের জন্য ৬ তলা আবাসিক হল ও ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এছাড়া শিক্ষার্থীদের খেলার মাঠের সমস্যাসহ অন্যান্য সকল সমস্যার সমাধান করা হবে এবং মাঠ সংস্কারের পাশাপাশি অবিলম্বে দুটি ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ করা হবে।”

এর আগে সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি অনুষদীয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনের সম্মুখে গাছের চারা রোপণ করেন। এ সময় উপাচার্য বলেন, “জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব রাখা অত্যন্ত জরুরি। আজ আমরা যে বৃক্ষরোপণ করলাম তা যেমন ক্যাম্পাসকে ছায়া দেবে, তেমনি আজ অবমুক্ত করা মাছের পোনা আমাদের মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে প্রতীকী ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের কাজই হলো প্রকৃতি ও প্রযুক্তির সুষম সমন্বয় ঘটানো।”

এর আগে সকাল ১০টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে লেভেল-১, সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের জন্য “Developing The Mindset For Successful University Journey” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. নেছারউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “তোমরা অনেক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে মেধার স্বাক্ষর রেখে আজ দেশের অন্যতম সেরা একটি অনুষদে ভর্তির সুযোগ পেয়েছ। ভেটেরিনারি মেডিসিন কেবল একটি পেশা নয়, এটি একটি নোবেল প্রফেশন বা মহৎ পেশা। অবলা জীবজন্তুর সেবা করা, দেশের প্রাণিসম্পদ রক্ষা করা এবং মানুষের জন্য নিরাপদ আমিষের জোগান নিশ্চিত করার এক বিরাট দায়িত্ব এখন তোমাদের কাঁধে অর্পিত হতে যাচ্ছে।” তিনি আরও বলেন, এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, পড়ালেখার মানদণ্ড এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে, যা তাদের আগামী দিনের পথচলাকে সহজ করবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন