ফরিদপুরে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে দুই ভাইয়ের বাড়িতে হামলা ভাংচুর
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর শহরের টেপাখোলা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে বাবু (৩৪) ও লাবু (৩০) নামে দুই ভাইয়ের বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রিয়ো পেট্রোল পাম্পের পেছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর স্থানীয় কিছু লোক ওই দুই ভাইয়ের বাড়িতে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতার একটি অংশ বাড়িতে ভাঙচুর চালায়। স্থানীয়দের অভিযোগ, বাবু ও লাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ অভিযোগের বিষয়ে দুই ভাইয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খবর পেয়ে কোতয়ালী থানার ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক পিএম মামুনুর রশীদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
এ সময় উত্তেজিত স্থানীয় জনতা বাবু ও লাবুকে ওই এলাকা থেকে চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। পরে পুলিশের প্রচেষ্টায় জনতাকে শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: