• ঢাকা
  • শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীর বাউফলে সাইবার বুলিংয়ের শিকার চিকিৎসক-সাংবাদিক, অধরা অপরাধীরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০০ পিএম;
পটুয়াখালীর বাউফলে সাইবার বুলিংয়ের শিকার চিকিৎসক-সাংবাদিক, অধরা অপরাধীরা

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

 

পটুয়াখালীর বাউফলে দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে সাইবার বুলিং বা অনলাইনে হয়রানি। রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক এমনকি গৃহবধূরাও রেহাই পাচ্ছেন না এই অপপ্রচারের হাত থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাম-পরিচয়হীন ও ভুয়া (ফেইক) আইডি খুলে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে একের পর এক কুরুচিপূর্ণ কনটেন্ট ছড়িয়ে দিচ্ছে একটি চক্র।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি এই অপপ্রচারের ধরন আরও ভয়াবহ রূপ নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তি এবং ফটোশপ ব্যবহার করে ছবি বিকৃত করে আপত্তিকর কনটেন্ট তৈরি করা হচ্ছে। একটি ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে তা ভুয়া আইডি থেকে বিভিন্ন গ্রুপে ও টাইমলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পরবর্তীতে এসব পোস্ট ডিলিট করার শর্তে কিংবা মানসম্মানের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার মাধ্যমে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি বাউফলে একজন নারী ও একজন পুরুষ চিকিৎসক এই সাইবার বুলিংয়ের নির্মম শিকার হয়েছেন। ‘বাউফল বার্তালয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাদের নাম ও ছবি জড়িয়ে অত্যন্ত অশালীন ও মানহানিকর পোস্ট দেওয়া হয়। এ ছাড়াও স্থানীয় দুটি জাতীয় দৈনিকের সাংবাদিক এবং এক গৃহবধূকে লক্ষ্য করেও একইভাবে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিকার চেয়ে বাউফল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি অগ্রগতি দেখা যায়নি। সাইবার অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, “মূলত এসব ফেইক আইডি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে সময়মতো কঠোর আইনি ব্যবস্থা না নেওয়ায় সমাজের সম্মানিত ও ভদ্র ব্যক্তিরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ প্রবণতা আরও ভয়ংকর রূপ নেবে।”

প্রশাসনের পদক্ষেপের বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “সাইবার বুলিং ও আপত্তিকর পোস্টের বিষয়ে থানায় কয়েকজন ভুক্তভোগী জিডি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ভুয়া ফেসবুক আইডিগুলোর প্রকৃত পরিচয় ও আইপি অ্যাড্রেস শনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন