বোয়ালমারীতে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক ইলিয়াস মোল্লা আহত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
বোয়ালমারীতে সংবাদকর্মী ইলিয়াস মোল্লাকে দুর্বৃত্তরা হামলা করে গুরুতর আহত করেছে।
ফরিদপুরের বোয়ালমারীতে দ্রুতগতির একটি অটোভ্যান পৌরসভার চৌরাস্তায় অপর একটি ভ্যানকে প্রচন্ড গতিতে আঘাত করলে এক মহিলা যাত্রী আহত হন। এই ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিক মো. ইলিয়াস মোল্যার ওপর হামলা চালায় ভ্যান চালকসহ আরও কয়েকজন।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট ২০২৬) বিকেলে পৌরসভার চৌরাস্তা এলাকায় আজম খানের কসমেটিকস দোকানের সামনে এ ঘটনা ঘটে। হামলায় লোহার রড, পাইপ ও লাঠিসোটা দিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আহত সাংবাদিক মো. ইলিয়াস মোল্যা দৈনিক নতুন দিন পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি এবং পৌরসভার ছোলনা গ্রামের স্থায়ী বাসিন্দা। এ ঘটনায় তিনি হামলাকারীদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চৌরাস্তা এলাকায় একটি দ্রুতগতির যাত্রীবাহী অটোভ্যান এসে স্টান্ডে দাঁড়িয়ে থাকা অপর একটি অটোভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানে থাকা এক নারী যাত্রী আহত হন। ঘটনাটি দেখে সাংবাদিক ইলিয়াস মোল্যা অটোভ্যান চালক শাকিলকে সতর্ক করেন এবং নিয়ন্ত্রনে রেখে গাড়ি চালানোর পরামর্শ দেন। এতে ভ্যান চালক শাকিল সাংবাদিক ইলিয়াস মোল্লার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
এ নিয়ে শাকিলের সঙ্গে ইলিয়াস মোল্যার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অটো চালক শাকিল কয়েকজন লোককে ডেকে আনেন বলে অভিযোগ করেন আহত সাংবাদিক। পরে তারা লাঠিসোটা ও লোহার রড, পাইপ ইত্যাদি নিয়ে ইলিয়াস মোল্যার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং রক্তাক্ত জখম হন।
আহত সাংবাদিক ইলিয়াস মোল্যা বলেন, দ্রুতগতির একটি অটোভ্যান দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দিলে একজন নারী যাত্রী আহত হন। বিষয়টি দেখে আমি চালককে গতি কমিয়ে গাড়ি চালাতে পরামর্শ দেই। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে সে কয়েকজন লোক এনে আমার ওপর হামলা চালায়। তারা লাঠি ও লোহার পাইপ দিয়ে আমাকে মারধর করে আহত করেছে। এ ঘটনায় সংবাদকর্মী এবং জনমনে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষী ব্যক্তিদের আটক করে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির দাবী জানিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত চৌরাস্তা এলাকায় অটোভ্যানসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া গতিতে চলাচল নিয়ে প্রায়ই পথচারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা যায়। এ ঘটনায় একজন নারী যাত্রী আহত হওয়ার পর গতি নিয়ন্ত্রণের কথা বলাকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে অভিযুক্ত শাকিলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: