শাহজাহানপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ ভাঙারি গলি এলাকায় সিকান্দার মিয়া (৩২) নামের ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবার দাবি করছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রাত সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিকান্দারের বড় ভাই আমির আলী জানান, সিকান্দার নিজেই তার অটোরিকশা চালাতেন। রাতে বাসায় ফেরার পথে মো. হান্নান মামুনসহ ৩/৪ জন তাকে ঘিরে ধরে। এরপর ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে খবর পেয়ে তারা দ্রুত সিকান্দার মিয়াকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। পরে সেখানে তার মৃত্যু হয়।
আমির আলী জানান, তিনি জানতে পেরেছেন মো. হান্নান মামুনের সঙ্গে তার ভাইয়ের পূর্ব শত্রুতা ছিল এবং এর জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে কী নিয়ে তাদের মধ্যে শত্রুতা ছিল তিনি তা বলতে পারেননি।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানা এলাকায়। বাবার নাম আব্দুর রব। সিকান্দার মিয়া শাজাহানপুর শান্তিবাগ এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের মাঝে হস্তান্তরে প্রক্রিয়া চলছে। এ ছাড়া শাহজাহানপুর থানা পুলিশ আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: