দেবীগঞ্জে পুলিশের অভিযানে বিসমিল্লাহ বুড়িসহ আটক ১২, কারাদণ্ড ১১ জনের
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে একটি সক্রিয় মাদকচক্রের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মূল হোতা এক নারী কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১নং চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই মো. ফারুক রানা ও সঙ্গীয় ফোর্স।
অভিযানটি পরিচালিত হয় ৭৫ বছর বয়সী মোছাঃ তাহমিনা বেগম ওরফে ‘বিসমিল্লাহ বুড়ি’ এর বাড়িতে। সেখানে চলা একটি মাদকের আসর থেকে হাতেনাতে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে বৃদ্ধা তাহমিনা বেগমকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটককৃত ১১ মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে, মূল বিক্রেতা তাহমিনা বেগমের বিরুদ্ধে মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগে দেবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তাহমিনা বেগম তার ছেলে ও নাতিকে নিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না। পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, "মাদক নির্মূলে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।"
প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। মাদকমুক্ত সমাজ গড়তে আগামীতেও এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- দেবীগঞ্জে* পুলিশের,অভিযানে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: