• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মসজিদের জায়গায় দোকান বসিয়ে ভাড়া আদায়ের অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৩ পিএম;
মসজিদের জায়গায় দোকান বসিয়ে ভাড়া আদায়ের অভিযোগ

মসজিদের জায়গায় দোকান বসিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, খিলক্ষেতে প্রশ্নের মুখে ব্যবস্থাপনা


জাহিদ মিয়া, স্টাফ রিপোর্টার:


রাজধানীর খিলক্ষেত থানাধীন বেপারীপাড়া মসজিদ রোডে মসজিদের জায়গা ও সংলগ্ন ফুটপাতে অস্থায়ী দোকান বসানো এবং সেসব দোকান থেকে ভাড়া আদায়কে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মসজিদের জায়গা ও ফুটপাতের একটি অংশ ব্যবহার করে কয়েকজন অসহায় ও নিম্নআয়ের মানুষ ছোট ছোট দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাদের কাছ থেকে নিয়মিত ফুট ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেপারীপাড়া মসজিদ রোডের মসজিদ সংলগ্ন এলাকায় কয়েকটি অস্থায়ী দোকান বসানো হয়েছে। দোকানিরা জানান, তারা দরিদ্র ও অসহায় হওয়ায় জীবিকার তাগিদে সেখানে দোকান বসিয়েছেন। মসজিদের জায়গা ব্যবহারের বিনিময়ে যে অর্থ নেওয়া হচ্ছে, তা মসজিদের কাজে দেওয়ার কথা বলা হয়েছে বলেও তারা জানান।
স্থানীয়দের অভিযোগ, শহীদ ব্যাপারী বিগত সরকারের আমল থেকেই এসব দোকান ও ফুটপাত থেকে ভাড়া আদায় করে আসছেন। তবে এ অভিযোগের বিষয়ে শহীদ ব্যাপারীর বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে।
স্থানীয় বাসিন্দা মো. সাদ্দাম মির্জা বলেন, “মসজিদ সবার। এখানে সবার অধিকার রয়েছে। মসজিদের জায়গা ব্যবহার করে কোনো দোকান থেকে ভাড়া নেওয়া হলে সেই অর্থ মসজিদের তহবিলে জমা হওয়া উচিত। ব্যক্তিগতভাবে কেউ যেন এই অর্থ ভোগ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
স্থানীয়দের আরও দাবি, মসজিদের জায়গা বা ফুটপাত ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন। কারা দোকান বসানোর অনুমতি দিচ্ছেন, কত টাকা ভাড়া নেওয়া হচ্ছে এবং সেই অর্থ কোথায় জমা হচ্ছে—এসব বিষয় প্রকাশ্যে আনা হলে বিভ্রান্তি দূর হবে।
এলাকাবাসীর মতে, মসজিদের সম্পত্তি নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ব্যক্তিগতভাবে অর্থ আদায়ের সুযোগ থাকা উচিত নয়। একই সঙ্গে অসহায় দোকানিদের জীবিকার বিষয়টিও মানবিকভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট মসজিদ কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সমন্বয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে মসজিদের জায়গা ও ফুটপাত ব্যবহারের বৈধতা, ভাড়া আদায়ের প্রক্রিয়া এবং আদায়কৃত অর্থের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন।মসজিদের জায়গায় দোকান বসিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, খিলক্ষেতে প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন