লিবিয়ায় জিম্মি ১৩ যুবকের আর্তনাদ
লিবিয়ায় জিম্মি ১৩ যুবকের আর্তনাদ
‘টাকা না দিলে ওরা আমাদের মেরে ফেলবে’
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ১৩ যুবক ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন। কিন্তু স্বপ্নের ইতালি পৌঁছানোর আগেই তারা লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়েছেন। মুঠোফোনে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। ভিডিও কলে জিম্মি যুবকদের আর্তনাদ, ‘মা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। টাকা না দিলে ওরা আমাকে মেরে ফেলবে। জায়গা-জমি, ঘরবাড়ি বিক্রি করে হলেও আমাকে বাঁচাও।’
অন্যদিকে ভুক্তভোগীদের মা-বাবা আহাজারি করে বলছেন, ‘আমার বুকের ধন-কি আর ফিরে আসবে।’
পবিত্র রমজান শেষে সামনেই ঈদ। এই পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারের কারো মনে কোনো আনন্দ নেই। বুকে ব্যাথা আর চোখের নোনা জলই এখন তাদের নিত্যসঙ্গী।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নাজিমনগর গ্রামের কয়েকটি পরিবারের সন্তানসহ ১৩ যুবক স্থানীয় দালালদের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। জন প্রতি ১৩ লাখ টাকার বিনিময়ে তাদের ইউরোপে পাঠানোর মৌখিক চুক্তি হয়। দেড় মাস আগে তারা ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের ঘোর কেটে যায় কয়েকদিন পরই। ইতালি পৌঁছানোর আগেই তারা লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি হন।
জিম্মি হওয়া যুবকেরা হলেন- নাজিমনগর গ্রামের আবুল কাশেমের ছেলে নিলয় মিয়া (২২), রাশিদ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩২), এখলাছ মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৫), নূরু মিয়ার দুই ছেলে ইয়াছিন মিয়া (৩০) ও জীবন মিয়া (২৫), টুনু মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (২৬), রাশিদ মিয়ার ছেলে আতাউর রহমান (২৮), ফয়জুন নূরের ছেলে মনিরুল ইসলাম (২৪), শহিদ মিয়ার ছেলে মামুন মিয়া (২৭), বাচ্চু মিয়ার ছেলে এনামুল হক (২৬), জলিল মিয়ার ছেলে আতাউর রহমান (২৯), জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল হামজা (২৫) এবং সাচনা কালীবাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে আবুল কালাম।
পারিবারিক সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি তারা বাড়ি থেকে বের হয়ে আবুধাবি, কুয়েত ও মিশর হয়ে লিবিয়ায় পৌঁছান। সেখানে গত ২৫ ফেব্রুয়ারি একটি মাফিয়া চক্র তাদের জিম্মি করে। জিম্মি হওয়ার পর প্রতিজনের মুক্তিপণ হিসেবে প্রথমে ২৬ লাখ টাকা দাবি করা হয়। দরকষাকষির পর মুক্তিপণ হিসেবে জনপ্রতি ১২ লাখ টাকা দাবি করা হয়।
দালালদের মধ্যে গ্রামের কয়েকজন জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দালাল চক্র ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
এদিকে জিম্মি হওয়া যুবকদের মধ্যে নূরু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া পালিয়ে আসতে সক্ষম হলেও পরে লিবিয়ার পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। জিম্মি যুবকেরা লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আটক রয়েছেন।
মাফিয়া চক্র ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলছে। অনেক পরিবার জায়গা-জমি ও ঘরবাড়ি বিক্রি করে এবং সুদের মহাজনের কাছ থেকে টাকা ধার করে মুক্তিপণ জোগাড়ের চেষ্টা করছেন। কিন্তু তার পরও তাদের বুকের ধন উদ্ধার হবে কিনা এ নিয়ে তারা উৎকণ্ঠায় রয়েছেন।
জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়ার আবুল হামজা তার বিধবা মায়ের একমাত্র সন্তান। ছেলের মুক্তির জন্য অসহায় মা মাফিয়াদের কাছে আকুতি জানিয়ে বলেন, ‘বাবা আমার কাছে টাকা নাই। আমি ভিক্ষা করে তোমাদের টাকা দেব, আমার হামজারে আর মারো না।’
জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী মিয়া শনিবার বিকালে ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘ভিকটিমের কয়েকজন স্বজন শনিবার আমার সঙ্গে দেখা করে সাহায্য চেয়েছেন। আমি তাদেরকে আইনি সহায়তার জন্য লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: