গোয়ালন্দে নিজ বাড়িতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে এক চা বিক্রেতাকে
পুনরুত্থান ডেস্ক :
রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৬) নামে এক চা-দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার জামতলা এলাকার নিজ বাড়ি থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার খালেক শেখের ছেলে। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফারুকের দোকানে কাজের চার দিনের পালা শেষ হয়। তাই শনিবার সকালে তিনি দোকানে যাননি। সকাল ৭টার দিকে স্থানীয় একটি হোটেলে নাস্তা করে বাড়িতে ফিরে নিজের ঘরে অবস্থান করছিলেন তিনি।
দুপুরে ফারুকের বাবা ছেলের জন্য খাবার নিয়ে ঘরে গিয়ে মেঝেতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। ফারুকের গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ সময় বাবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।
নিহতের ভাই বারেক শেখ বলেন, তারা দুই ভাই দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতেন। একজন টানা চারদিন দোকানে দায়িত্ব পালন করতেন। শুক্রবার ফারুকের দায়িত্ব শেষ হওয়ায় শনিবার তিনি বাড়িতে ছিলেন। দুপুরে খাবার নিয়ে বাড়িতে এসে ভাইকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। তখন ঘরে অন্য কাউকে দেখা যায়নি।
জামতলার একটি হোটেলের মালিক জীবন শেখ জানান, শনিবার সকাল ৭টার দিকে ফারুক তাঁর দোকান থেকে নাস্তা করে বাড়ির উদ্দেশে চলে যান। এরপর তাঁর বিষয়ে আর কিছু জানা যায়নি।
পরিবারের সদস্যরা জানান, টাঙ্গাইল ও দৌলতদিয়ার বিভিন্ন এলাকায় ফারুকের একাধিক বিয়ে হয়েছিল। তবে বর্তমানে তাঁর কোনো স্ত্রী তাঁর সঙ্গে বসবাস করতেন না।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফরিদপুর থেকে আসা সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। নিহতের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: