তেঁতুলিয়ায় পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে পালালো কুখ্যাত গরু চোর
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক কুখ্যাত গরু চোরকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। আসামির দেশীয় অস্ত্রের আঘাতে বনমালী রায় (৩০) নামে ওই পুলিশ সদস্যের মাথা ফেটে গেছে। বর্তমানে তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত আসামির নাম রাসেল ইসলাম (৩৩), সে পুলিশের তালিকাভুক্ত একজন দুর্ধর্ষ চোর হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামের শরিফ উদ্দিনের দুটি গরু চুরি হয়। ভুক্তভোগী মালিক রাসেলের নাম উল্লেখ করে তেঁতুলিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ রাসেলকে গ্রেপ্তারের জন্য তার বাড়ি ঘেরাও করে।
অভিযান চলাকালে রাসেল তার ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিল। পুলিশ সদস্য বনমালী রায় দরজার সামনে আসামিকে বের হয়ে আসার আহ্বান জানালে, রাসেল হঠাৎ দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে বনমালীর মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় বনমালী রায়কে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় ৪টি সেলাই দিতে হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক রাসেল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে এর আগে তিনটি ভ্যান চুরি এবং একটি গরু চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালেও তার বিরুদ্ধে নতুন করে আরও একটি গরু চুরির মামলা রুজু করা হয়েছে।
ওসি আরও বলেন, "আমরা দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি, কিন্তু সে পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে সে অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। তাকে এবং তার সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশি জোরদার করা হয়েছে।"
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- তেঁতুলিয়ায়* পুলিশ,সদস্যের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: