আলফাডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
আলফাডাঙ্গায় বিদেশে কর্মরত এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাসরিন আক্তার সুমি (৩৫)। তিনি সৌদি প্রবাসী জাবেদ শেখের স্ত্রী।
জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ভোর রাতের কোনো এক সময় উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের ধলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ৬টায় সুমির ছেলে খালিদ হাসান (১৩) তার মায়ের কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে, তার মা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে তার চিৎকারে তার খালা সেলিনা বেগমসহ স্থানীয়রা ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, নাসরিন এই ঘটনার সময় তার স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিল! এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: