• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বাকেরগঞ্জ থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩২ পিএম;
বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বাকেরগঞ্জ থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ

নজরুল ইসলাম আলিম:

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকেরগঞ্জ থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত। কিন্তু একটি সংগঠিত মব তৈরি করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে ঢুকে একজন নির্বাচিত চেয়ারম্যানের ওপর হামলা চালানো গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের পরিপন্থী।বক্তারা আরও বলেন, সম্প্রতি নিয়ামতি ইউনিয়নে ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত পরিচালনা করেন। তদন্তে চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে চাল আত্মসাতের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি জানান।তবে তদন্ত চলাকালীন সময়েই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে একদল লোক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ারম্যান হুমায়ুন কবির ও তার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে চেয়ারম্যানকে মারধর করতে করতে পরিষদ ভবনের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তিনি দৌড়ে আবার পরিষদের ভেতরে আশ্রয় নেন।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে চেয়ারম্যান ও তার সহযোগীদের ওপর হামলা চালাতে দেখা গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। হামলার ঘটনায় তদন্তে থাকা কর্মকর্তা খান শামীম পারভেজও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জিয়াউল হক আকন বলেন, প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অশনি সংকেত।এদিকে চেয়ারম্যান হুমায়ুন কবির বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সদস্য হওয়ায় দলটির পক্ষ থেকেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান মিজান মিয়া বলেন, চেয়ারম্যানের ওপর হামলার বিষয়টি তারা জেনেছেন এবং দলীয়ভাবে তদন্ত করে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানিয়েছেন, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামোর ভেতরে এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনের জন্যও উদ্বেগজনক। অভিযোগ থাকলে তার তদন্তের পথ রয়েছে—কিন্তু মব তৈরি করে হামলা চালানো বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং স্থানীয় পর্যায়ে অস্থিতিশীলতা তৈরি করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন