• ঢাকা
  • সোমবার, ০২ ফেরুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, জাবিসহ বিভিন্ন স্থানে ঝাড়ু–মশাল মিছিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৯ এএম
কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, জাবিসহ বিভিন্ন স্থানে ঝাড়ু–মশাল মিছিল

কর্মজীবী নারীদের নিয়ে শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে করা বলে প্রচারিত একটি ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে রবিবার (১ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ঝাড়ু ও মশাল মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সন্ধ্যা ৭টার দিকে কয়েক’শ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়, যার মধ্যে অ্যাকাউন্ট হ্যাকের দাবি নিয়েও কটাক্ষ ছিল।

মিছিল শেষে শিক্ষার্থীরা বটতলা এলাকায় সমাবেশ করেন। সেখানে বক্তারা বলেন, কর্মজীবী নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য নারীর মর্যাদার পরিপন্থী। তাদের অভিযোগ, বিতর্কের পর সংশ্লিষ্ট পক্ষ এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি তুলে দায় এড়ানোর চেষ্টা করছে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, কর্মজীবী নারীদের অবমাননা করার যে ব্যাখ্যা কিছু মহল থেকে দেওয়া হচ্ছে, তার সঙ্গে ইসলামী ইতিহাসের বহু উদাহরণের মিল নেই।

তিনি ইতিহাসে নারীদের বাণিজ্য, শিক্ষা ও প্রশাসনিক ভূমিকায় অংশগ্রহণের উদাহরণ তুলে ধরে প্রশ্ন তোলেন একই মানদণ্ড কি সেসব ক্ষেত্রেও প্রযোজ্য ধরা হবে?

এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবির প্রসঙ্গে তিনি বলেন, প্ল্যাটফর্মের নীতিমালা অনুযায়ী অ্যাকাউন্ট পুনরুদ্ধারে আনুষ্ঠানিক প্রক্রিয়া ও প্রমাণের প্রয়োজন হয়। এমন প্রমাণ প্রকাশ্যে উপস্থাপন করা হয়নি।

আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, দেশের বিপুলসংখ্যক নারী প্রতিদিন জীবিকা ও পরিবারের দায়িত্ব পালনে কাজ করছেন। তাদের হেয় বা নিয়ন্ত্রণ করার যেকোনো প্রচেষ্টা নিন্দনীয় । তিনি দ্রুত মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, নারীদের নিয়ে এমন বিতর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের নীরবতা হতাশাজনক। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)–এর সাধারণ সম্পাদক মজহারুল ইসলামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের সমালোচনা করেন, যেখানে প্রতিবাদকারী শিক্ষার্থীদের ‘মিথ্যাবাদী’ বলা হয়েছে বলে দাবি করেন তিনি।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, নারীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বা অবমাননার চেষ্টা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। নারী–পুরুষ একসঙ্গে সমান মর্যাদায় সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখবে। 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন