শ্রীপুরে নারী হত্যা, মূল আসামি গ্রেপ্তার
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরাঃ
মাগুরার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ সকালে স্থানীয়রা মাঠে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন। শ্রীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত ওই নারীর নাম লিমা খাতুন (২৪)। তিনি কয়েকদিন আগে স্বামীর বাড়ি ঝিনাইদহ থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় একাধিক টিম গঠন করে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালানো হয়। তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী সুমন শেখকে (২৮) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশের কাছে স্বীকার করেছেন যে, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রীকে ফোনে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে সেটি মাঠের মধ্যে ফেলে রাখা হয়।
পুলিশ সুপার জানান, এই ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- শ্রীপুরে* নারী,হত্যা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: