রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে সিএনজি চালিত অটোরিকশার ভিতরে যাত্রীবেসে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে লাফ দিয়ে কোন রকমে রক্ষা পেয়েছেন জোবায়ের মল্লিক (২৯) নামে এক যাত্রী। এসময় তার ডান হাত ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে দেয়। জোবায়ের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের নুর মল্লিকের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত অনুমান ৯টা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গোনা এছাহক চত্বর এলাকায়।
জোবায়ের মল্লিকের বড় ভাই নাহিদ মল্লিক জানান,জোবায়ের ঢাকায় একটি কোম্পানীতে চাকুরি করেন। ঈদে ছুটিতে বাড়ী এসেছিলেন। মঙ্গলবার রাত ১০টায় নওগাঁ থেকে বাসযোগে ঢাকায় যাবার কথা ছিল। সেই অনুযায়ী মঙ্গলবার রাত অনুমান ৯টা নাগাদ নওগাঁ যাবার জন্য বাড়ী থেকে বের হন। এসময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে গিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় চরেন। এর কিছু পরেই সড়কের গোনা এছাহক চত্বর এলাকায় পৌছলে অটোরিকশায় যাত্রীবেসে থাকা তিনজন ছিনতাইকারী চাকু ধরে কাছে থাকা টাকা-পয়সা,মোবাইলফোন দিতে বলে। তার কাছে টাকা পয়সা নেই জানালে ছিনতাইকারীরা পেটে চাকু ধরে আঘাত করার চেষ্টা করে। এসময় প্রানে বাঁচতে অটোরিকশা থেকে লাফ দিয়ে সড়কের পাশে পরে গেলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে মোবাইল ফোনে জোবায়ের পরিবারের স্বজনদের জানালে তারা এসে জোবায়েরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। ভাই নাহিদ মল্লিক জানান,জোবায়েরের ডান হাত ভেঙ্গে গেছে। ঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ হাসপাতালে জোবায়েরকে দেখতে গিয়েছিল।
রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান,এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ দিতে ভুক্তভোগীদের জানানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- রাণীনগরে* ছিনতাইকারীর,কবল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: