জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে ডুবে মামি-ভাগ্নির মৃত্যু
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পূর্বদি এলাকায় নির্মীয়মাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মামি-ভাগ্নির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন জুলিয়া (২২) ও ১৬ বছর বয়সী রাবেয়া।
দুজনেই দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকার বাসিন্দা।
জুলিয়ার স্বামী শফিকুল ইসলাম কুয়েত প্রবাসী। জুলিয়ার ১৬ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। রাবেয়া স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানান, জুলিয়ার খবর শুনে তার স্বামী শফিকুল ইসলাম দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে পরিবারের ছয় সদস্য নির্মাণাধীন ক্যাম্পাসের ঘাট বাঁধানো পুকুরে গোসল করতে যান। এ সময় সাঁতার না জানায় অসাবধানতাবশত জুলিয়া ও রাবেয়া পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে পানিতে ডুবে যাওয়া দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: