• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

কলাপাড়ায় ফেসবুকে পোস্ট-কমেন্টকে কেন্দ্র করে মারধরের অভিযোগ,এক ব্যক্তির মৃত্যু।


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০৪ পিএম;
কলাপাড়ায় ফেসবুকে পোস্ট-কমেন্টকে কেন্দ্র করে মারধরের অভিযোগ,এক ব্যক্তির মৃত্যু

মশিউর রহমান লিটু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

 


পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে মো. ইদ্রিস (৪৫) নামের এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে নিহতের স্বজনরা তার লাশ থানায় নিয়ে আসেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারস্থ যুবদলের কার্যালয়ে এ মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে।
পারিবারিক সূত্রের দাবি
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইদ্রিস ঢাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে তিনি জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরি ও অন্যান্য অপকর্মের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট ও কমেন্ট করেন। এতে জহিরুল ইসলাম ক্ষুব্ধ হন বলে দাবি পরিবারের।
কয়েকদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি পাখিমারা বাজারে গেলে সেখান থেকে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা তাকে ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে যান এবং ব্যাপক মারধর করেন—এমন অভিযোগ স্বজনদের। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যান। নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়। গতকাল রাত ১০টার দিকে তিনি ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অভিযুক্তের বক্তব্য
নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই ব্যক্তি আমার কাছে মাফ চাইতে এসেছিল। আমি বা আমার সহযোগীরা তাকে মারধর করিনি।”
পুলিশের বক্তব্য
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা অভিযোগ হিসেবে দেখা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন