মহম্মদপুরে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন: নতুন দিগন্তের সূচনা:
এস এম আজগার আলী, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রশাসনিক ও আবাসন ব্যবস্থায় এক নতুন মাইলফলক যুক্ত হলো।
আজ শনিবার (৪এপ্রিল ২০২৬ ) মহম্মদপুর আধুনিক ডাকবাংলোর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই আধুনিক ডাকবাংলোটি নির্মিত হলে অত্র অঞ্চলের সরকারি কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এড্যাঃ নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান,
মাগুরার জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার (এসপি) মোল্লা আমজাদ হোসেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মুহাঃ শাহানুর জামান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, "একটি আধুনিক ডাকবাংলো সরকারি কাজে আসা প্রতিনিধিদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে জেলা পরিষদ, মাগুরাকে এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই আধুনিক স্থাপনাটি উপজেলার মর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক কাজের গতিশীলতা আনবে। মাগুরা জেলা পরিষদের তত্ত্বাবধানে দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মহম্মদপুরে* আধুনিক,ডাকবাংলোর
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: