• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

মহম্মদপুরে সরকারি গাছ উধাও অভিযোগের তীর প্রেসক্লাব সভাপতির দিকে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৪ পিএম;
মহম্মদপুরে সরকারি গাছ উধাও অভিযোগের তীর প্রেসক্লাব সভাপতির দিকে

এস এম আজগার আলী,মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:

 

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংরক্ষিত বন বিভাগের ১০/১২ টি গাছের লগ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বন বিভাগের তত্ত্বাবধানে থাকা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের গাছের গুঁড়িগুলো কোনো আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই নসিমনে করে ধোয়াইল বাজারে চেরাইয়ের জন্য নেওয়া হয়েছিল। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহনুর জামান ও বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে গুঁড়িগুলো উদ্ধার করেন। এবং জানতে পারেন এই ঘটনার সাথে মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল জড়িত। 

অভিযোগ উঠেছে, ইতিপূর্বে উপজেলা পরিষদের একটি লোহার গেট সরিয়ে নেওয়ার ঘটনায়ও টুটুলের সম্পৃক্ততা ছিল। একটি ভিডিও ফুটেজে ওই গেটটি তাঁর বাড়ির পাশে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া স্থানীয় ইটভাটা মালিকদের কাছ থেকে পরিবেশ অধিদপ্তরের নাম ভাঙিয়ে অর্থ ও ইট আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে আজিজুর রহমান টুটুল বলেন, তিনি গাছের গুঁড়ি নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অনুমতি চেয়েছিলেন। প্রেসক্লাব মহম্মদপুরের সহ-সভাপতি মেহেদী হাসান পলাশ বলেন, কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে কোনো অনৈতিক কাজ করলে তার দায় সংগঠন নেবে না।

বন কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম বলেন, প্রেসক্লাবের  সভাপতি আজিজুর রহমান টুটুল কাউকে না জানিয়ে আমাদের এক নছিমন গাছের লগ নিয়ে গেছেন। এটা অন্যায়, ইতোমধ্যে আমরা খুলনা রেঞ্জের সাথে আলাপ করছি, তার বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শাহনুর জামান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান চালিয়ে সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সুত্র জানায়, টুটুল ঢাকার একটি দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ওই পত্রিকার সম্পাদককে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নথিপত্র পাওয়া যায়নি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন