রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত
মোঃ গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শ্রীদাম কুমার মন্ডল (৪২) নামে এক কৃষি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বৃহস্পতিবার বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও থানাপুলিশ গিয়ে শিক্ষকদের মুক্ত করেন। এঘটনায় এদিন রাত ৮টা নাগাদ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল উপজেলার দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক ও নওগাঁর আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৮এপ্রিল উপজেলার দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে এক ছাত্রীকে বিদ্যালয়ের কমন রুমে একা পেয়ে সহকারী শিক্ষক শ্রীদাম ওই ছাত্রীকে নানাভাবে যৌন হয়রানি করেন। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। এর পর বিষয়টি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন,সহপাঠী ও স্থানীয় লোকজন শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করে শিক্ষক শ্রীদাম মন্ডলের বিচারের দাবি জানান। একপর্যায়ে উত্তেজনা চরম আকার ধারন করলে পরিস্থীতি সামাল দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও থানাপুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে সহকারী কমিশার ওই শিক্ষকের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থীতি শান্ত হয় এবং শিক্ষকদের মুক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও মুঠোফোন ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন,এর আগেও ওই শিক্ষক বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে অনুরুপ ঘটনা ঘটিয়েছিলেন এবং সেটা সে সময় ধামচাপা দেয়া হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ফলে এবারও যেনো এই ঘটনাটি ধামা চাপা দেয়া না হয় এবং সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছিলেন। তবে শিক্ষক শ্রীদাম এদিন বিদ্যালয়ে ছিলেন না। পরে এঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা শান্ত হন এবং শিক্ষকদের মুক্ত করা হয়।
ওই বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় আপৎকালীন সময়ে শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী রোববার তার কাছে সাময়িক বরখাস্তের পত্র প্রেরণ করা হবে। এছাড়া এবিষয়ে একটি তদন্ত কমিটি ঘটন করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- রাণীনগরে* ছাত্রীকে,যৌনহয়রানি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: