আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি স্বর্ণসহ ৩৮ লাখ টাকার মালামাল লুট
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ির সীমানাপ্রাচীর টপকে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। বুধবার ১৯ আগস্ট দিবাগত রাত ১ টার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়ির মালিক মো: ফিরোজুর রহমান মুকুল (৫৫) আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মো: ফিরোজুর রহমান মুকুল পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। বাড়ির পাশেই তার ছোট ভাইয়ের বসবাস। বুধবার দিবাগত গভীর রাতে তার ছোট ভাই ঘুম থেকে উঠে বড় ভাইয়ের বাড়ির গেট ও ঘরের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি ফোনে মোঃ ফিরোজুর রহমান মুকুলকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা থেকে বাড়িতে এসে চুরির বিষয়টি দেখতে পান।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, সাড়ে ১২ ভরি স্বর্ণ , নগদ ৪ লক্ষ ৮৬ হাজার টাকা, ১৯টি ঘড়ি ও একটি রাউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। ভুক্তভোগীর দাবি, এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি চুরির স্থান ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
মো:ফিরোজুর রহমান মুকুলের অভিযোগ, তিনি ও তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থানের সুযোগে চোরের দল বাড়ির গেট ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে যায়।
আলফাডাঙ্গা থানার ওসি আল আমীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: