কলাপাড়া পৌরসভায় বরাদ্দকৃত মুরগি বাজার থাকা সত্বেও সড়কে বসে বিক্রি
মশিউর রহমান লিটু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মুরগি ও মাছ বাজারের সামনে বরাদ্দকৃত ঘর থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী সড়কের ওপর পণ্য বিক্রি করছেন। এতে বাজারের স্বাভাবিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এবং ক্রেতা–বিক্রেতা উভয়ের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা টুলু পেদা জানান, পৌরসভার নির্ধারিত ঘর ও শেড থাকা সত্ত্বেও কয়েকজন ব্যবসায়ী বেশি ক্রেতা আকর্ষণের আশায় বাজারের মূল প্রবেশমুখ ও রাস্তার পাশে বসছেন। এর ফলে বাজার এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে, পথচারীদের চলাচলে বাধা তৈরি হচ্ছে এবং পরিবেশ নোংরা হয়ে পড়ছে। বিশেষ করে মুরগি ও মাছ খোলা স্থানে বিক্রি করায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা বলেন, বাজারে প্রবেশের সময় রাস্তার ওপর দোকান বসানো থাকায় স্বাভাবিকভাবে হাঁটা যায় না। বরাদ্দকৃত ঘর ফাঁকা থাকা সত্ত্বেও বাইরে বিক্রি করা অনিয়ম; এতে বাজারের সৌন্দর্য ও পরিবেশ—দু’টিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল মনে করছে, বাজারের শৃঙ্খলা রক্ষা ও জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত টহল দেওয়া প্রয়োজন ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- কলাপাড়া* পৌরসভায়,বরাদ্দকৃত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: