• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীর বড়নগর সাহা বাড়িতে সর্ববৃহৎ ও জমকালো দুর্গাপূজার প্রস্তুতি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২১ পিএম;
বোয়ালমারীর বড়নগর সাহা বাড়িতে সর্ববৃহৎ ও জমকালো দুর্গাপূজার প্রস্তুতি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের বোয়ালমারীতে এ বছর শারদীয় দুর্গাপূজা ঘিরে বইছে উৎসবের হাওয়া। উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের ঐতিহ্যবাহী সাহা বাড়িতে আয়োজিত হতে যাচ্ছে এ বছরের সর্ববৃহৎ ও জমকালো দুর্গাপূজা উৎসব।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি, কৈড়া কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহার সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

গত শনিবার (১০ অক্টোবর) শুভ মহালয়ার উদযাপনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবের ক্ষণ গণনা শুরু হয়। সরজমিনে ঘুরে দেখা গেছে, এলাকার মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। কারিগরের নিপুণ তুলির আঁচড়ে সেজে উঠছে দেবী দুর্গার মৃণ্ময়ী রূপ। কাঁসরের শব্দ আর ঐতিহ্যবাহী ঢাকের বাজনায় ইতোমধ্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সনাতনী শাস্ত্র অনুযায়ী এবারের পূজার নির্ঘণ্ট:

মহালয়া: ১০ অক্টোবর (শনিবার)

পঞ্চমী: ১৫ অক্টোবর (বৃহস্পতিবার)

মহাষষ্ঠী (বোধন): ১৬ অক্টোবর (শুক্রবার / ৩১ আশ্বিন ১৪৩৩)

মহাসপ্তমী: ১৮ অক্টোবর (রবিবার / ২ কার্তিক ১৪৩৩) (পঞ্জিকা ভেদে ১৭-১৮ অক্টোবর)

মহাষ্টমী: ১৯ অক্টোবর (সোমবার / ৩ কার্তিক ১৪৩৩)

সন্ধি পূজা: ১৯ অক্টোবর (সোমবার, সকাল ১০:২৮ মিনিট থেকে ১১:১৬ মিনিট)

কুমারী পূজা: ১৯ অক্টোবর (সোমবার, সকাল ৯:০০ টা)

মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার)

বিজয়া দশমী: ২১ অক্টোবর (বুধবার)

শাস্ত্রীয় মতে, এবার দেবীর আগমন ঘটবে 'ঘোটকে' (ঘোড়া) এবং গমনে চড়বেন 'নৌযানে' (নৌকা)।

উৎসবের দিনগুলোতে মণ্ডপ ও সংলগ্ন এলাকায় চোখধাঁধানো আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় আয়োজকরা জানান, বড়নগর সাহা বাড়ির এই পূজা দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। প্রতি বছরই এটি সব ধর্মের মানুষের সম্প্রীতির এক মহামিলনমেলায় পরিণত হয়।

জানা গেছে, চলতি বছর বোয়ালমারী উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে প্রায় ২২৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বড়নগর সাহা বাড়ি ছাড়াও ময়েনদিয়া শ্রীনগর জমিদার বাড়ি, গোহাইলবাড়ি কর বাড়ি, বোয়ালমারী পৌর সদরের সার্বজনীন বাজার মন্দির ও খাইলপাড়া নন্দী বাড়ির পূজা অন্যতম আকর্ষণীয়। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন