পটুয়াখালীর প্রবীণ সাংবাদিক নিখিল চ্যাটার্জি আর নেই, সৎকার সম্পন্ন
পটুয়াখালী প্রতিনিধি:
জাতীয় দৈনিক 'সংবাদ' ও ইংরেজি দৈনিক 'দি ডেইলি সান'-এর পটুয়াখালী জেলার সাবেক প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক নিখিল চ্যাটার্জি আর নেই। গত শনিবার দিবাগত মধ্যরাতে পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার নিজ ভাড়া বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে শিক্ষক আবির চ্যাটার্জি।
রোববার বিকেলে পটুয়াখালী পৌর শ্মশানে তাঁর সৎকার সম্পন্ন হয়েছে। সৎকারের ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনা করেন পুরোহিত কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী। এ সময় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ছোট ভাই অখিল চ্যাটার্জি, স্ত্রী ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শিপ্রা ভট্টাচার্য, ছোট ছেলে অবিদ চ্যাটার্জি সহ আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।
সাংবাদিক নিখিল চ্যাটার্জি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সক্রিয় ছাত্ররাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন এবং নিষ্ঠাপূর্ণ লেখনীর মাধ্যমে জেলাজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 'সংবাদ' ও 'দি ডেইলি সান'-এর মতো স্বনামধন্য জাতীয় পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে জীবন প্রদীপের শেষ সময়ে এসে অর্থাভাবে যথাযথ চিকিৎসা না পাওয়ার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তাঁর ছোট ভাই অখিল চ্যাটার্জি। তিনি জানান, অর্থাভাব এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবে নিখিল চ্যাটার্জির অসময়ে প্রয়াণ ঘটেছে।
এদিকে, এই প্রবীণ ও গুণী সাংবাদিকের প্রয়াণে পটুয়াখালীর সাংবাদিক মহল, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: