কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিন জনকে চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার
মশিউর রহমান লিটু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন ফকিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১মার্চ ২০২৬) পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. সুমন (৩৭) উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ঘুটাবাছা গ্রামের হাজী ইব্রাহিম ফকিরের ছেলে। অপর দুই সহযোগী হলেন সজিব (৩২) ও ইমন (৩০)।
পুলিশ জানায়, সুমন ফকির তার সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়নে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি করে আসছিলেন। ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ চাঁদার দাবিতে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ সময় প্রতিবাদ করলে ভুক্তভোগীদের মারধর এবং নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে সাতজনের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, সুমনের বিরুদ্ধে মব সৃষ্টি করে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক ব্যবস্থা নিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রেসনোট প্রেসক্লাবে পাঠানো হবে।
প্রসঙ্গত, এর আগে গরু চুরি ও ভাগবাটোয়ারার অভিযোগে মিঠাগঞ্জ ইউনিয়ন কৃষক দলের এক নেতা এবং মহিপুরের একটি বেসরকারি হাসপাতালে হামলা-ভাঙচুরের অভিযোগে মহিপুর ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
দৈনিক পুনরুত্থান / মশিউর রহমান লিটু
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: