ফরিদপুরে আওয়ামীলীগ নেত্রী হাসিনা হত্যার মুল আসামী গ্রেফতার
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মিনু (৪৭) হত্যার মুল আসামীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
মিনুর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। এ ঘটনায় প্রধান আসামি আনিছুর রহমান (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকালে ভাঙ্গা থানাধীন পুলিয়া ব্রিজ সংলগ্ন সূর্যনগর সার্ভিস লেনের উত্তর পাশে আড়িয়াল খাঁ নদীর ঢাল থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে তার ছেলে থানায় এসে লাশটি নিজের মা হাসিনা মিনুর বলে নিশ্চিত করেন এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে জানা যায়, নিহত মিনু নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তুষারধারা আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে একটি ফোনকল পেয়ে তিনি বাসা থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি।
তিনি উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশের অনুসন্ধানে উঠে আসে, তুষারধারা এলাকায় কেনা একটি জমি ও সেখানে নির্মিত টিনশেড ঘর নিয়ে আসামি আনিছুর রহমানের সঙ্গে নিহতের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রতারণার মাধ্যমে আনিছুর সম্পত্তি নিজের নামে নেওয়ার অভিযোগে মিনু আদালতে মামলা করেছিলেন।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আনিছুর রহমান হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন সে মিনুকে ঘোরার কথা বলে বাসা থেকে বের করে মোটরসাইকেলে করে পদ্মা সেতু পার হয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ ফেলে পালিয়ে যায়।
পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ১ এপ্রিল ২০২৬ সকালে নারায়ণগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামি হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: