লাকসামে মাদরাসা আগুনে পুড়ে ছাই
লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহীয়া আলিয়া দ্বীনিয়া মাদরাসা ও এতিমখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ছালেহীয়া ও আলিয়া দ্বীনিয়া মাদরাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীরা মাদরাসার পাশের মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। এসময় হঠাৎ এক শিক্ষার্থী মাদরাসায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। পরে সবাই বেরিয়ে এসে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সংবাদ দেন।
সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে ততক্ষণে আগুনে মাদরাসার ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ঈদের জন্য কেনা তাদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মাদরাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, এই অগ্নিকাণ্ডের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।
তিনি জানান, ঈদের জন্য কেনা শিক্ষার্থীদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় বেশি কষ্ট লাগছে।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটাররা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- লাকসামে* মাদরাসা,আগুনে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: