• ঢাকা
  • রবিবার, ১৬ আগষ্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

অডিট কর্মকর্তাকে ঘুষ দিয়ে শিক্ষক বললেন, "বাধ্য হয়েই দিলাম"


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩০ পিএম;
অডিট কর্মকর্তাকে ঘুষ দিয়ে শিক্ষক বললেন, "বাধ্য হয়েই দিলাম"

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট কর্মকর্তা কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। ভাটদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের কাছ থেকে কাজ করে দেওয়ার নামে ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ স্থানীয় সাংবাদিকদের হাতে এসেছে।

ভুক্তভোগী শিক্ষকের দাবি, ঋণের অনুমোদনের জন্য দীর্ঘদিন ধরে হিসাবরক্ষণ কার্যালয়ে ঘুরলেও তার ফাইলটি আটকে রাখা হয়। পরে বাধ্য হয়ে অডিট কর্মকর্তা কামরুল ইসলামকে ৫০০ টাকা দেন তিনি। ভিডিও ফুটেজে ওই শিক্ষককে আফসোস করে বলতে শোনা যায়, ‘বুঝেন না, কী আর করা? বাধ্য হয়েই দিলাম। এহন কাজ হবে নে।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই এই লেনদেন সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন উপস্থিত সাংবাদিকরা। তবে অভিযোগের বিষয়ে প্রথমে অডিট কর্মকর্তা কামরুল ইসলাম পুরো বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে ভিডিও ফুটেজের অস্তিত্বের কথা জানানো হলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং গণমাধ্যমকর্মীদের আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে বোয়ালমারী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুহাম্মাদ মসিউর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘ছেলেটা একটা ভুল করে ফেলেছে। আমরা তো আপনাদেরই ভাই, ওকে একটা সুযোগ দিন। প্রয়োজনে তাকে বদলি করে অন্যত্র পাঠিয়ে দেব।’

স্থানীয় শিক্ষক নেতা ও সেবাগ্রহীতাদের অভিযোগ, হিসাবরক্ষণ কার্যালয়ে উৎকোচ ও অনিয়মের ঘটনা এটিই প্রথম নয়। সরকারি চাকরিজীবী ও শিক্ষকরা বেতন, পেনশন বা ঋণসংক্রান্ত কাজের জন্য এলে নানা অজুহাতে হয়রানি করা হয়।

পরবর্তীতে প্রশাসনিক জটিলতা ও হয়রানির ভয়ে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘সেবাগ্রহীতাদের জিম্মি করে উৎকোচ নেওয়ার কোনো সুযোগ নেই, এটি গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার জানান, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন