বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পটুয়াখালীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
লিটু পটুয়াখালী প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে মহাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে জেলাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
গত শুক্রবার সকালে শহরের শ্রী শ্রী রাধা মাধব জিউঁর মন্দিরে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞের অগ্নিতে ঘি, শস্যদানা, ফুল ও ফল আহুতি দেন পুরোহিতগণ। দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির উদ্দেশ্যে এ সময় বিশেষ প্রার্থনা করা হয়।
এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে শহরের সেন্টারপাড়াস্থ হিন্দু সমাজ গৃহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে লঞ্চঘাট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ণিল সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ ছাড়াও জেলার বিভিন্ন মন্দিরে ভগবানের অভিষেক, বিশেষ পূজা-অর্চনা, গীতা পাঠ এবং বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপূৰ্ণ ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: