পটুয়াখালীর দশমিনায় ৫৮ বছরের ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ অনুষ্ঠিত
জয়ন্ত , দশমিনা প্রতিনিধি :
পটুয়াখালীর দশমিনায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ৫৮তম শারদীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) দশমিনা উপজেলার পূর্ব লক্ষ্মীপুর এলাকার নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দীর্ঘ ৫৮ বছর ধরে প্রতিবছর বিজয়া দশমীর দিনে স্থানীয়ভাবে লোকজ সংস্কৃতির অংশ হিসেবে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়ে আসছে। এ বছর প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাইচে বিজয়ী দলগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেন মাহাবুল মাঝির দল, দ্বিতীয় হাসেম মাঝির দল ও তৃতীয় স্থান অধিকার করেন মনোরঞ্জন মাঝির দল। প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী তিনটি দলকে আকর্ষণীয় পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর (ফ্রিজ) প্রদান করা হয়।
গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য উপভোগ করতে দশমিনা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধলক্ষাধিক দর্শনার্থী নিবারণ কবিরাজ বাড়ির দিঘি প্রাঙ্গণে সমবেত হন। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসে পুরো এলাকা এক মুখরিত উৎসবের নগরীতে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দশমিনা থানার ওসি মোঃ আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ শাহ আলম শানু, গনঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মিজান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার প্রমূখ।
আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, স্থানীয় ক্রীড়া ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রতিবছরের মতো ভবিষ্যতেও এই বাইচের আয়োজন ধারাবাহিকভাব বজায় রাখা হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: