দশমিনায় এক ডজন মাদক মামলার আসামি ফের গ্রেপ্তার, ১ কেজি গাঁজা উদ্ধার
জয়ন্ত ভক্ত, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নুর ইসলাম ওরফে গৌরা (৪০) নামে এক মাদক কারবারিকে তার নিজ বসতঘর থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর ইসলাম ওই গ্রামের আলতাফ গাজীর ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মো. নুর ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা চলমান রয়েছে। তিনি উপজেলার একজন চিহ্নিত মাদক কারবারি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) নাজমুল হক, সামছুউদ্দিন, মাহমুদলসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মাদক (গাঁজা) বিক্রির সময় নুর ইসলামকে তার বসতঘর থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নুর ইসলাম উপজেলার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার নিজ বসতঘর থেকে ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: