• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৮ পিএম;
পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

 

ফরিদপুরের মধুখালীতে ভয়ভীতি দেখিয়ে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী আসামি হাফিজার শেখের ছেলের স্ত্রী। বিয়ের পর থেকেই হাফিজার তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

বিষয়টি স্বামীকে জানালে তিনিও হাফিজারকে সতর্ক করেন। এর পরও তিনি ওই নারীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে উত্ত্যক্ত করতেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে শ্বশুর হাফিজার ওই নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজনের মধ্যে সালিস-বৈঠক হয়।

সেখানে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও হাফিজারের আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে হাফিজার ওই নারীকে তার ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে তিনি বাবার বাড়িতে চলে যান। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ঘটনার বিষয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন তিনি।

মামলার তদন্ত শেষে পুলিশ হাফিজার শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ‘আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন