• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ভিটামাটির লোভে প্রতিবন্ধী শ্যালকের হাত গুঁড়িয়ে দিল ভগ্নিপতি: আলফাডাঙ্গায় আহাজারি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৮ পিএম;
ভিটামাটির লোভে প্রতিবন্ধী শ্যালকের হাত গুঁড়িয়ে দিল ভগ্নিপতি: আলফাডাঙ্গায় আহাজারি

​ফরিদপুর প্রতিনিধি:


​শ্বশুরবাড়ির জমি লিখে নেওয়ার লোভ এবং পারিবারিক বিরোধের জের ধরে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক শারীরিক প্রতিবন্ধী যুবকের ওপর পৈশাচিক হামলার অভিযোগ উঠেছে তার আপন ভগ্নিপতির বিরুদ্ধে। হামলায় দ্বীন ইসলাম (৩৫) নামের ওই প্রতিবন্ধীর ডান হাতের কব্জি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাভাবে উন্নত চিকিৎসা না পেয়ে হাসপাতালের শয্যায় ছটফট করছেন অসহায় এই যুবক।
​রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে উপজেলার পবনবেগ গ্রামের জয়েন মোড়ে এ নির্মম ঘটনা ঘটে। ভুক্তভোগী দ্বীন ইসলাম ওই গ্রামের ইমদাদুল হকের ছেলে। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও বাড়ির পাশে একটি ছোট্ট মুদি দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন তিনি। অভিযুক্ত আ. রহিম শেখ (২৫) একই গ্রামের মৃত সেলিম শেখের ছেলে। রহিম সম্পর্ক অনুযায়ী দ্বীন ইসলামের আপন ছোট ভগ্নিপতি এবং ফুফাতো ভাই।
​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দ্বীন ইসলামের পরিবারের জমি নিজের নামে বাগিয়ে নেওয়ার পাঁয়তারা করছিলেন রহিম। এর জের ধরে গত সপ্তাহে রহিমের নেতৃত্বে একদল লোক দ্বীন ইসলামের বসতঘরে ঢুকে জোরপূর্বক আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়। আক্ষেপের বিষয়, নিজের সন্তানকে বঞ্চিত করে এই অন্যায় কাজে জামাই রহিমকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে দ্বীন ইসলামের মা রাহেলা বেগমের বিরুদ্ধেও। এ ঘটনার পর দ্বীন ইসলাম স্থানীয় ইউপি সদস্য ওহিদুজ্জামানসহ গণমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরে বিচার চাইলেও কোনো প্রতিকার পাননি। সুবিচার না পাওয়ার সেই সুযোগেই আরও বেপরোয়া হয়ে ওঠে অভিযুক্ত রহিম।
​গত রবিবার বিকেলে দ্বীন ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় রহিম ও তার সঙ্গীরা। লাঠিসোটা দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয় দ্বীন ইসলামের ডান হাতের কব্জি, শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত করা হয়।
​আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কান্নায় ভেঙে পড়ে দ্বীন ইসলাম বলেন, "আমি শারীরিক প্রতিবন্ধী, কোনো মতে একটা মুদি দোকান চালিয়ে বেঁচে আছি। জমিজমার লোভে রহিম আর তার পরিবারের লোকেরা আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আমার ডান হাতটা গুঁড়িয়ে দিল। ডাক্তার আমাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করতে বলেছে, কিন্তু দরিদ্র হওয়ায় সেই সামর্থ্য আমার নেই। আমি কোথায় যাব, কীভাবে চিকিৎসা করাব? আমি এই নির্মম ঘটনার সঠিক বিচার ও আইনগত সহায়তা চাই।"
​একজন শারীরিক প্রতিবন্ধীর ওপর এমন অমানবিক ও নির্মম নির্যাতনের ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ তৈরি হয়েছে। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন