লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকাসহ স্বর্ণালস্কার চু'রির অভিযোগ
খাজা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট শহরে অসুস্থ জামাতার চিকিৎসা করাতে গিয়ে, বাড়ি ফাঁকা থাকায় দরজার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) মো. জাহাঙ্গীর আলম (৬৪) অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের থানাপাড়া নিউকলোনি (৮ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের জামাতা দেলোয়ার হোসেন দিপু অসুস্থ হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। গত (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বাড়ি ও ঘরের দরজায় তালা দিয়ে পরিবারসহ জামাতাকে দেখতে রংপুরে যান তারা।
পরদিন (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর থেকে বাড়িতে ফিরে জাহাঙ্গীর আলম দেখতে পান তার জামাতার ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে প্রতিবেশীদের ডেকে এনে আলমারি ও সুকেচের ড্রয়ারে রাখা নগদ টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার নিখোঁজ দেখতে পান।
এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, ২৬ সেপ্টেম্বর দুপুর থেকে ২৭ সেপ্টেম্বর বিকালের মধ্যে যেকোনো সময় সংঘবদ্ধ চোর চক্র ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এই চুরি সংঘটিত করেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রাথমিক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লালমনিরহাট সদর থানা ওসি সাদ আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: