• ঢাকা
  • সোমবার, ১৭ আগষ্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

লালমনিরহাটে অন্তসত্ত্বা স্ত্রীর লা'শ ফেলে পালালো স্বামী-স্বজনরা! হ'ত্যার অভিযো'গ স্বজনদের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০০ পিএম;
লালমনিরহাটে অন্তসত্ত্বা স্ত্রীর লা'শ ফেলে পালালো স্বামী-স্বজনরা! হ'ত্যার অভিযো'গ স্বজনদের

খাজা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি :

 

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত লাশ বাড়ির উঠানে ফেলে রেখে স্বামী ও তার স্বজনরা পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে স্বামীর বাড়ির উঠান থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আফরোজা বেগম (১৮) নিথক গ্রামের দীন ইসলামের (২৪) স্ত্রী এবং উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ঢাকার গাজীপুরের কোনাবাড়ির একটি ভাড়া বাসায় আফরোজার মৃত্যু হয়। সোমবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে আফরোজার রক্তাক্ত লাশ নিয়ে আসা হয় নিথক গ্রামে। স্থানীয়রা জানান, অচেনা গাড়িটি থেকে আফরোজার দেহ টেনেহিঁচড়ে উঠানে নামিয়ে রেখেই দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যান স্বামী দীন ইসলাম ও তার পরিবারের লোকজন।

আফরোজার স্বজনরা জানান, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার তাগিদে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন এই দম্পতি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত এবং আফরোজাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন তার স্বামী।

নিহতের চাচাতো বোন শাপলা বেগম বলেন, গত শনিবার রাতে আফরোজা তার বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানিয়ে বলে, আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে। এর কিছুক্ষণ পরই ফোন কেটে যায়। পরে স্বামী শ্বশুরকে ফোন করে দাবি করে আফরোজা অসুস্থ, হাসপাতালে নেওয়ার জন্য টাকা পাঠাতে হবে। টাকা পাঠাতে দেরি হলে জানায় আফরোজা মারা গেছে। লাশের পুরো শরীরে ক্ষতচিহ্ন। আমাদের কাছে চিকিৎসার টাকা চেয়েছিল, তা না দেওয়ায় লাশ এনে উঠানে ফেলে রেখে তারা পালিয়ে গেছে। আমরা এই নির্মম হত্যার বিচার চাই।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশের সঙ্গে ঢাকা উত্তরা শিন শিন জাপান হাসপাতালের একটি কাগজপত্র পাওয়া গেছে, যেখানে বিষপানে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। তবে নিহতের স্বজনরা বলছেন মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন