আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ
আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ, পুলিশ বলছে হত্যা
প্রতিবেশীরা বলেন, নতুন ভাড়া নেওয়া ঘরটির দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। শুক্রবার কক্ষটি থেকে দুর্গন্ধ আসায় তারা পুলিশে খবর দেন।
ঢাকার সাভারের আশুলিয়ার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অগাস্ট মাসের ৯ তারিখে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে কক্ষটি ভাড়া নিয়েছিল। প্রতিবেশীরা জানিয়েছে ঘরটির দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয়।
ওসি আরও বলেন, “কক্ষটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় আমরা পেয়েছি। তালা ভেঙে ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
“নিহতদের মধ্যে পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
হত্যার কারণ, জড়িতদের আটক ও তাদের পরিচয় উদ্ঘাটনে কাজ চলছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, সিআইডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার ক্লু উদঘাটনে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ, আশুলিয়া থানা পুলিশ রাত থেকেই কাজ করছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: