পঞ্চগড়ে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, পুকুর পাড়ের গাছ থেকে আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়।
রোববার (৩১ মে) রাতে উপজেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত আসিফ ও সাথী ওই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশুদের মা আছিয়া খাতুন পেশায় একজন দিনমজুর (নারী শ্রমিক)। স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে তিনি ওই এলাকাতেই থাকতেন। প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে সন্তানদের দেখতে না পেয়ে তিনি আশপাশে ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে রাত গভীর হলে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে উঠতে দেখেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে বোন সাথী আক্তারের মরদেহও উদ্ধার করেন। একসাথে দুই সন্তানের এমন মৃত্যুতে মা আছিয়া খাতুন ও পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে আমাদের ধারণা, পুকুর পাড়ের আম গাছ থেকে আম পাড়তে গিয়ে কোনোভাবে তারা গভীর পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।"
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: