সরলতাকে দুর্বলতা ভাবে মানুষ
হারুন-অর-রশিদ এর ওয়াল থেকে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের ছেলে জাকির হোসেন। খুব সাধারণ, সাদাসিধে আর বিনয়ী একজন তরুণ। ছোটবেলাতেই জীবনের সবচেয়ে বড় ছায়াটিকে হারিয়েছেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। সেই থেকে বাবাহারা জাকিরের জীবনে নেমে আসে সংগ্রামের দীর্ঘ পথচলা। বড় এতিম সে। তাইতো এ সমাজ তার সরলতাকে পুঁজি করে কলাকৌশলে বারবার তাকে ঠকাচ্ছে! এগিয়ে যাওয়াতে বাধা হচ্ছে।
বাবার স্বপ্ন বুকে নিয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু জীবন তাকে কখনো সহজ পথ দেখায়নি। সমাজের কিছু মানুষ বারবার তাকে অবহেলা করেছে, তুচ্ছ করেছে, সমালোচনার তীরে বিদ্ধ করেছে। তার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা হয়েছে বহুবার। তবুও হার মানেননি জাকির। কারণ তিনি বিশ্বাস করেন, পরিশ্রম আর সততাই একদিন তাকে তার গন্তব্যে পৌঁছে দেবে।
মানুষকে সম্মান করতে ভালোবাসেন জাকির। কারও উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করেন। অথচ অনেকেই তার এই সরলতাকে দুর্বলতা ভেবে সুযোগ নিয়েছে। সম্প্রতি একটি আমের বাগান কিনে মৌসুমি আমের ব্যবসা শুরু করেছেন তিনি। ভোর থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সফলতার আলোও ধীরে ধীরে ধরা দিচ্ছে। কিন্তু সেখানেও কিছু মানুষের অসততা তাকে কষ্ট দেয়—কেউ কেউ আম কিনে টাকা পর্যন্ত পরিশোধ করেনি।
কয়েকদিন আগে নিজের জীবনের কথা বলতে গিয়ে শিশুর মতো কেঁদে ফেলেছিলেন জাকির। অশ্রুসিক্ত কণ্ঠে প্রশ্ন করেছিলেন, “আমি তো কারও ক্ষতি করিনি, তাহলে মানুষ আমাকে মন থেকে ভালোবাসে না কেন?” প্রশ্নটি শুনে আমি নির্বাক ছিলাম কিছু সময়ের জন্য। কোন উত্তর দিতে পারিনি সেদিন।
আজ সেই সংগ্রামী তরুণের জন্মদিন। জন্মদিনে তার জন্য একটাই প্রার্থনা—আল্লাহ যেন তার সকল কষ্ট দূর করেন, তার পরিশ্রমের যথাযথ প্রতিদান দেন এবং জীবনের প্রতিটি স্বপ্ন পূরণের তাওফিক দান করেন।
শুভ জন্মদিন, জাকির। তোমার গল্প একদিন সফলতার অনুপ্রেরণা হয়ে উঠুক হাজারো মানুষের জন্য।
লেখক: হারুন-অর-রশীদ, সংবাদকর্মী, ফরিদপুর।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- সরলতাকে* দুর্বলতা,ভাবেমানুষ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: