আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ড, ৩ হাজার মণ পাট পুড়ে ছাই
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ হাজার মণ পাট পুড়ে ছাই, ২কোটি টাকার বেশী ক্ষতির সম্ভাবনা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলার ফলিয়া বাজারের একটি পাটের গুদামে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়। আগুনে অধিকাংশ মালামাল নষ্ট হলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাজারের ব্যবসায়ী কাশেম মণ্ডল জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে তাঁর দুই স্বজন রয়েছেন। তিনি বলেন, ‘রাত ৮টার দিকে স্থানীয় লোকজন একটি পাটের গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে দেখি, গুদামগুলোতে দাউদাউ করে আগুন জ্বলছে। এতে সাতটি গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে। এসব পাটের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।’
তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী হিসেবে রাজু ও মাসুদের নাম জানা গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, আগুন লাগার খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: