আলফাডাঙ্গায় মৎস্য হ্যাচারির সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
মোহম্মদ আবুল বাশার :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকায় একটি মৎস্য হ্যাচারির সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুদ্দু শেখ (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২ জুন সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বুদ্দু শেখ উপজেলার নাওরা-মিঠাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত জুলফাত শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাত দিয়ে জানা যায়,মঙ্গলবার সকালে জাটিগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা দবির মিয়ার ছেলে ও সৌদি প্রবাসী ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মৎস্য হ্যাচারিতে কাজ করতে যান বুদ্দু শেখ। কাজের একপর্যায়ে তৃষ্ণার্ত হয়ে তিনি হ্যাচারির পানি তোলার মোটর পাম্পের কাছে পানি পান করতে যান। এ সময় অসাবধানতাবশত মোটর পাম্পের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তার সঙ্গে থাকা অপর দুই কৃষিশ্রমিক বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।স্থানীয়দের একাংশের দাবি, হ্যাচারির বৈদ্যুতিক সংযোগ ও মোটর পাম্পের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফকির তাইজুর রহমান বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মৎস্য হ্যাচারি কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না,তা তদন্ত করে দেখা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখছে বলে জানা গেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- আলফাডাঙ্গায়* মৎস্য,হ্যাচারির
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: