টম হল্যান্ডের সঙ্গে ‘বিয়ের ছবি’ ভাইরাল, যা বললেন জেন্ডায়া
‘স্পাইডারম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টম হল্যান্ডের সঙ্গে অভিনেত্রী জেন্ডায়ার ‘বিয়ের ছবি’ অন্তর্জালে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে অভিনেত্রীর কাছে জানতে চেয়েছেন অনেকে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন জেন্ডায়া। জানালেন, ছবিগুলো আসলে সত্যি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, ইন্টারনেটে ছড়িয়ে পড়া তাদের বিয়ের ভুয়া ছবিগুলো দেখে সাধারণ মানুষ তো বটেই, এমনকি তার পরিচিত অনেকেই বিভ্রান্ত হয়েছেন। জেন্ডায়া হাসতে হাসতে বলেন, অনেকেই এই ছবিগুলো দেখে প্রতারিত হয়েছেন। বাস্তব জীবনে বাইরে বের হলে মানুষ আমাকে বলছিল, তোমাদের বিয়ের ছবিগুলো দারুণ হয়েছে! অথচ আমি মনে মনে বলছিলাম, ওগুলো তো এআই, ওগুলো আসল নয়!
এমনকি অভিনেত্রীর অনেক ঘনিষ্ঠজন বিয়েতে দাওয়াত না পেয়ে অভিমানও করেছিলেন বলে তিনি মজার ছলে জানান।
অনুষ্ঠানে জেন্ডায়ার বাম হাতে এনগেজমেন্ট রিং এবং ওয়েডিং ব্যান্ডের মতো উজ্জ্বল আংটি দেখা গেলেও তিনি সরাসরি বিয়ের খবরটি নিশ্চিত করেননি। বরং রসিকতা করে তার নতুন সিনেমা ‘দ্য ড্রামা’র একটি ক্লিপ দেখান, যেখানে সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের মুখে টম হল্যান্ডের মুখ বসিয়ে দেওয়া হয়েছিল।
জেন্ডায়া জানান, ইন্টারনেটের জল্পনা নিরসনে এটি তার একটি ছোট কৌতুক। এ ছাড়া আলাপকালে তিনি তাদের আসন্ন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সম্পর্কেও কথা বলেন। আগামী ৩১ জুলাই মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং টম হল্যান্ডকে ‘সেরা স্পাইডারম্যান’ হিসেবে মেনে নিয়ে লাজুক হাসিতে নিজের পক্ষপাতের কথাও স্বীকার করেন।
টম হল্যান্ড এবং জেন্ডায়ার প্রেমকাহিনি শুরু হয় ২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ ছবির সেট থেকে। দীর্ঘ সময় ধরে তারা নিজেদের সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ হিসেবে দাবি করে আসলেও, ২০২১ সালে গাড়ির ভেতর তাদের চুম্বনের একটি ছবি ভাইরাল হলে প্রেমের বিষয়টি নিশ্চিত হয়। এরপর থেকে বিভিন্ন রেড কার্পেট ইভেন্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সাক্ষাৎকারে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে তারা বিশ্বজুড়ে ভক্তদের প্রিয় ‘পাওয়ার কাপল’-এ পরিণত হয়েছেন। পর্দার পিটার পার্কার ও এমজের এই রসায়ন বাস্তব জীবনেও সমানভাবে উজ্জ্বল।
সম্প্রতি জেন্ডায়ার স্টাইলিস্ট ল রচ তাদের বিয়ের ইঙ্গিত দিয়ে একটি মন্তব্য করায় এবং ইন্টারনেটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিছু বিয়ের ছবি ছড়িয়ে পড়ায় তাদের বিয়ে নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। যদিও জেন্ডায়া জিমি কিমেল শো-তে উপস্থিত হয়ে সেই ভাইরাল ছবিগুলোকে ভুয়া এবং এআইয়ের কারসাজি বলে উড়িয়ে দিয়েছেন, তবু তার হাতের আংটি এবং টমের সঙ্গে তার গভীর রসায়ন ভক্তদের মনে বিয়ের জল্পনা জিইয়ে রেখেছে।
আপাতত তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা না দিলেও, তাদের সম্পর্কের প্রতিটি আপডেট পেতে মুখিয়ে আছে বিনোদন দুনিয়া।
সূত্র: ভ্যারাইটি
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: