• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. আবহাওয়া / পরিবেশ

কলাপাড়ায় জাল থেকে অজগর সাপের বাচ্চা উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম;
কলাপাড়ায় জাল থেকে অজগর সাপের বাচ্চা উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:


পটুয়ালীর কলাপাড়া উপজেলার মহিপুরের নিজামপুর গ্রামে জালে পেঁচিয়ে থাকা একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী।
রোববার (১১ অক্টোবর) সংগঠনটির হটলাইন নম্বরে ফোন করে স্থানীয়রা সাপটি জালে আটকে থাকার খবর জানান। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিকের দিকনির্দেশনায় সংগঠনটির সহসভাপতি আল মুনজির ঘটনাস্থলে গিয়ে নিরাপদে একটি বার্মিজ পাইথন (অজগর সাপের বাচ্চা) উদ্ধার করেন।
উদ্ধার করা সাপটি বর্তমানে সংগঠনটির হেফাজতে রয়েছে। পরবর্তী সময়ে বন বিভাগের উপস্থিতিতে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অজগর একটি অবিষধর সাপ। এটি সাধারণত মানুষের জন্য বিষজনিত হুমকি সৃষ্টি করে না। তবে এ অঞ্চলে অজগরের উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় লোকালয়ে অজগরের বাচ্চা দেখা গেলে আশপাশে মা অজগর বা অন্য বাচ্চা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
এ অবস্থায় সাপ দেখামাত্র সেটিকে হত্যা না করে বন বিভাগ অথবা অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে সংগঠনটি সতর্ক করে বলেছে, কলাপাড়া এলাকায় প্রাণঘাতী বিষধর রাসেলস ভাইপারের উপস্থিতি রয়েছে। তাই অজগরের বাচ্চা ভেবে কোনো সাপ ধরতে যাওয়া বিপজ্জনক হতে পারে। সাপের প্রজাতি নিশ্চিত না হয়ে সেটির কাছে যাওয়া বা ধরার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দিতে হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন